দেশের জনপ্রিয় চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস থেকে ৬০ লাখ চাকরিপ্রার্থীর ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। ডার্ক ওয়েবের একটি ফোরামে বিজ্ঞাপন দিয়ে তারা এই তথ্যগুলো বিক্রির প্রস্তাব দিয়েছে। হ্যাকারদের দাবি অনুযায়ী, তাদের কাছে থাকা ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, শিক্ষাগত যোগ্যতাসহ নানা সংবেদনশীল তথ্য রয়েছে। তথ্যগুলো বিক্রির জন্য তারা ১ হাজার মার্কিন ডলার দাবি করেছে এবং বিষয়টি প্রমাণের জন্য ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে বিডিজবস কর্তৃপক্ষ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের সাইট হ্যাক হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হ্যাকারদের প্রচারিত সিভির নমুনাগুলো মূলত বেশ পুরোনো বা অচল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিজবস আরও জানিয়েছে, যদি কোনো নিবন্ধিত নিয়োগকারী প্রতিষ্ঠান নিয়ম ভেঙে তথ্য অপব্যবহার করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এ ধরনের যাচাইহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।