চট্টগ্রাম সরকারি সিটি কলেজে নেতাকর্মীদের ওপর হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে বুধবার রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলকারীরা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং ছাত্রদলের ‘অব্যাহত সন্ত্রাসের’ প্রতিবাদে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বক্তৃতা করেন সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম।
আজিজুর রহমান আজাদ বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর ছাত্রদলের ধারাবাহিক নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে বারবার রাজপথে নামতে হয়েছে। কখনো ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে, কখনো ছাত্র সংসদ নির্বাচন বন্ধের চক্রান্তের প্রতিবাদে, আবার কখনো নিষিদ্ধ সংগঠন ‘লীগ’-এর কর্মীদের পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধেও আমরা সোচ্চার থেকেছি।
আজাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা যে ন্যক্কারজনক ও বর্বর হামলা চালিয়েছে, তার প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। গত কয়েক মাস আগে ছাত্রদল তেজগাঁও কলেজের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে রুম থেকে ডেকে নিয়ে গিয়ে যারা হত্যা করেছে। ছাত্রদলের গডফাদার ও সন্ত্রাসীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।