October 12, 2026, 8:40 pm
সর্বশেষ সংবাদ:

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে অতি জরুরি বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 13 Time View

প্রবাস ডেস্ক: মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকের জন্য জরুরি সতর্কতা জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার এবং সর্বাবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উদ্ভূত যেকোনো ঝুঁকি এড়াতে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কূটনৈতিক মিশনটি।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ করা, অন্যের সঙ্গে আদান-প্রদান করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর অপরাধ। ফেসবুক, ইউটিউব কিংবা এক্সে এ ধরনের কনটেন্ট প্রচার বা শেয়ার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জনবহুল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগের জন্য বেশ কয়েকটি হটলাইন নম্বর চালু করেছে। এর মধ্যে শ্রম সংক্রান্ত বিষয়ের জন্য ‘৮০০১০০০১২৫’ এবং পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য ‘৮০০১০০০১২৬’ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ডিপ্লোম্যাটিক উইং সম্পর্কিত তথ্যের জন্য ‘৮০০১০০০১২৪’ নম্বরে এবং প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু সংক্রান্ত জরুরি প্রয়োজনে ‘+৯৬৬৫৭০২১২১৮০’ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তি এড়াতে প্রবাসীদের নির্ভরযোগ্য তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ নিয়মিত ফলো করার অনুরোধ জানানো হয়েছে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিরা যেন কোনো আইনি জটিলতায় না পড়েন এবং নিরাপদ থাকেন, সে বিষয়ে দূতাবাস সবসময় সচেষ্ট রয়েছে। সৌদি প্রশাসনের জারি করা সকল নিয়মকানুন ও নির্দেশনা মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি পুনরায় বিশেষভাবে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com