ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত এই শোবিজ তারকা সম্প্রতি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন রিনা খান। প্রচারণার এক পর্যায়ে এই প্রত্যাশার কথা জানান তিনি।
এদিন বিকালে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে এই অভিনেত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও ধানের শীষকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। এ সময় রিনা খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ।
তিনি জানান, সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রত্যাশার কথা উল্লেখ করে রিনা খান বলেন, ‘আমি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে চাই। আশা করছি, দল থেকে একটি আসন পাব।
গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আর যারা দেশে থেকেছেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।আমি নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি।’