গাইবান্ধা পুলিশ সুপারের বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান নামের ৩৩ বছর বয়সী এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহটি পাওয়া যায়। নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদার পাড়ার মন্টু মিয়ার ছেলে এবং তিনি চলতি বছরের ১২ আগস্ট থেকে গাইবান্ধায় দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে নিজের স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন হাবিবুর। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ওয়াশরুমে ঢুকে পড়েন এবং ভিডিও কলে থাকা অবস্থায়ই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘসময় সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।