সাতক্ষীরার সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জিতেন মন্ডল (৫৮) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে পূর্বশত্রুতার জেরে হামলার শিকার হওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়। নিহত জিতেন মন্ডল গড়িয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনার পর অভিযুক্ত দুই চাচাতো ভাই তপন মন্ডল ও ভগেন মন্ডল দেশ ছাড়ার চেষ্টা করেন। শনিবার ভোরে চারাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। বর্তমানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।